সরওয়ার কামাল, মহেশখালী:: কক্সবাজারের মহেশখালী উপজেলায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে মো. রাকিব (৭) ও হাসান রেজা (৮) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ও সন্ধ্যায় উপজেলার মাতারবাড়ী ও কুতুবজোম ইউনিয়নে এসব হৃদয়বিদারক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ রাজঘাট ওলাঘোনা এলাকায় বাড়ির পাশের খালে ডুবে মারা যায় নুর হোছাইনের ছেলে রাকিব। বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করার সময় হঠাৎ নিখোঁজ হয় সে। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাকে খালে ভাসমান অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাকে নতুন বাজার ডিজিটাল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাকিব তার পরিবারের একমাত্র সন্তান বলে জানা গেছে।
অন্য এক ঘটনায় কুতুবজোম ইউনিয়নের লাল মোহাম্মদ সিকদারপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে হাসান রেজা নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। হাসান স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। বিকেল ৪টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত সে পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
দুই শিশুর এমন অকাল ও আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এই হৃদয়বিদারক ঘটনার পর স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং বাড়ির আশপাশের জলাশয় ও পুকুরে শিশুদের চলাচলের ক্ষেত্রে অভিভাবকদের আরও বেশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
প্রকাশক: আবদুল মাজেদ, সম্পাদক: শ.ম.গফুর, নির্বাহী সম্পাদক: হামিদুল হক, বার্তা: সম্পাদক: আজিজুল হক রানা, ব্যবস্থাপনা পরিচালক: এম.রহমান সীমান্ত, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +880 1862-779582
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত