আবদুর রশিদ, ঈদগাঁও থেকে ফিরে➤সমাজের অসহায়, ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের মুখে একবেলা হাসি ফোটানোর প্রত্যয়ে ধারাবাহিক মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশন’। এরই ধারাবাহিকতায় সংগঠনটির নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এবার ৫ম বারের মতো অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। গত শুক্রবার পবিত্র জুমার নামাজের পর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ছিন্নমূল, শ্রমজীবী ও দরিদ্র মানুষের হাতে অত্যন্ত সম্মানের সঙ্গে এই খাবার তুলে দেন সংগঠনের সদস্যরা। খাবার পেয়ে আয়োজনে অংশ নেওয়া মানুষের মুখে ছিল স্বস্তির হাসি, আর স্বেচ্ছাসেবকদের মাঝে ছিল সমাজের প্রতি দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ।
এই ফ্রি খাবার বিতরণ কর্মসূচির সার্বিক তদারকি করেন ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদ। এ সময় তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই প্রকৃত মানবতার পরিচয় নিহিত রয়েছে। সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে এমন মানবিক উদ্যোগ আগামীতে আরও বড় পরিসরে এবং বিস্তৃতভাবে করা সম্ভব হবে। এবারের ৫ম বারের এই ফ্রি খাবার বিতরণ কর্মসূচিতে সার্বিক পৃষ্ঠপোষকতা ও আর্থিক সহযোগিতা করেছেন ঈদগাঁও জাগিরপাড়ার কৃতি সন্তান ও কাতার প্রবাসী তারেকুর রহমান। তাঁর এই বিশেষ সহযোগিতার কারণে অসংখ্য অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ একবেলা পুষ্টিকর খাবার গ্রহণের সুযোগ পেয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
ব্যতিক্রমী এই মানবিক অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচির সংহতি প্রকাশ করেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মোবারক হোসাইন সাঈদ, আনিছুর রহমান আনিছ ও মিজবাহ উদ্দীন। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শেখ আহমদ ফারুকী এবং ক্যান্ডেল-৭১-এর স্বত্বাধিকারী মোহাম্মদ সিপন। এছাড়া সংবাদকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ বজলুর রহমান, রবিউল আলম রবি ও আবু বক্কর ছিদ্দিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কর্মসূচিটি সফল করতে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে অংশ নেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জুবাইর, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল কবির রাকিব, দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম এবং নির্বাহী সদস্য জাফর আলম ও জসীম উদ্দিনসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়বদ্ধতাই নয়, এটি আমাদের প্রত্যেকের নৈতিক ও মানবিক দায়িত্ব। রাষ্ট্রের পাশাপাশি সমাজের সক্ষম ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলো যদি এভাবে এগিয়ে আসে, তবে দুঃস্থ মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশন সেই লক্ষ্যকে সামনে রেখেই ধারাবাহিকভাবে খাদ্য সহায়তা, মানবিক সহযোগিতা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, যা অত্যন্ত প্রশংসনীয়।
এদিকে স্থানীয় বাসিন্দারা সংগঠনটির এই নিয়মিত উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, বর্তমানের এই কঠিন সময়ে এমন ধারাবাহিক মানবিক কার্যক্রম অন্যদের জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত। নিয়মিতভাবে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিশেষে, সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতেও প্রতি শুক্রবার নিয়মিতভাবে এই ফ্রি খাবার বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তারা সমাজের বিত্তবান, প্রবাসী ও শুভানুধ্যায়ীদের এই মানবিক উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান, যাতে আগামীতে আরও বেশি সংখ্যক অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব হয়।
প্রকাশক: আবদুল মাজেদ, সম্পাদক: শ.ম.গফুর, নির্বাহী সম্পাদক: হামিদুল হক, বার্তা: সম্পাদক: আজিজুল হক রানা, ব্যবস্থাপনা পরিচালক: এম.রহমান সীমান্ত, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +880 1862-779582
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত