এম. এ. রহমান সীমান্ত:: সামান্য এক রাতের মনোমালিন্য যে জীবনের শেষ বিদায় হয়ে দাঁড়াবে, তা ভাবতেও পারেনি কেউ। ভোরবেলা স্ত্রীর সঙ্গে কোনো কথা না বলেই মাইক্রোবাস নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন জাফর। কিন্তু সন্ধ্যা নামার আগেই স্বজনদের কাছে পৌঁছাল তার মৃত্যুর এক হৃদয়বিদারক সংবাদ।
গত শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মাইক্রোবাসচালক জাফর। নিহত জাফর উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ডাকুয়া পাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামুর জোয়ারিয়ানালা এলাকায় যাত্রীবাহী একটি সি-লাইন বাসের সঙ্গে জাফরের চালিত মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে স্বামীর আকস্মিক মৃত্যুর খবর শুনে কক্সবাজার সদর হাসপাতালে ছুটে যান জাফরের স্ত্রী। হাসপাতালের মর্গের সামনে স্বামীর মরদেহের পাশে দাঁড়িয়ে তার কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ। সামান্য অভিমানের জেরে শেষ কথাটুকুও যে বলা হলো না, এই তীব্র অনুশোচনা আর শোক যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি।
প্রকাশক: আবদুল মাজেদ, সম্পাদক: শ.ম.গফুর, নির্বাহী সম্পাদক: হামিদুল হক, বার্তা: সম্পাদক: আজিজুল হক রানা, ব্যবস্থাপনা পরিচালক: এম.রহমান সীমান্ত, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +880 1862-779582
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত