গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী (কক্সবাজার):: উপকূলীয় জনপদ মহেশখালীতে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি জোরদার করতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ জুলাই) সকালে মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রশাসন, জনপ্রতিনিধি,আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
সভায় বর্ষা মৌসুম, অতিবৃষ্টি, পাহাড়ধস,জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বিশেষ করে উপকূলীয় ও দুর্গম এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা,দুর্যোগকালীন উদ্ধার সরঞ্জাম সচল রাখা, স্বেচ্ছাসেবক দলকে প্রস্তুত রাখা এবং জরুরি যোগাযোগ ব্যবস্থা সক্রিয় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জানানো হয়, মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের আশঙ্কা দেখা দিলে দ্রুত জনগণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে ইউনিয়ন পর্যায়ে মাইকিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া দুর্যোগকালীন সময়ে খাদ্য সহায়তা, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী দ্রুত পৌঁছে দিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়।
সভায় পাহাড়ি এলাকায় বসবাসকারী পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ বসতি পর্যবেক্ষণ এবং প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
বক্তারা বলেন,জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। তাই ক্ষয়ক্ষতি কমাতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সচেতনতাই সবচেয়ে বড় প্রতিরোধ বলে মন্তব্য করেন তারা।
মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু জাফর মজুমদার,
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস সোলতান। সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি,সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভা শেষে দুর্যোগকালীন সময়ে দ্রুত তথ্য আদান-প্রদান, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
প্রকাশক: আবদুল মাজেদ, সম্পাদক: শ.ম.গফুর, নির্বাহী সম্পাদক: হামিদুল হক, বার্তা: সম্পাদক: আজিজুল হক রানা, ব্যবস্থাপনা পরিচালক: এম.রহমান সীমান্ত, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +880 1862-779582
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত