এম.এ রহমান সীমান্ত:: কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মোবারক নামে এক মাদক কারবারিকে আটক করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়। গত ১০ জুলাই বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোবারক ওই এলাকার সৈয়দের পুত্র।
র্যাব সূত্রে জানা যায়, জাদিমুরা বাজার এলাকা থেকে ইয়াবার একটি বড় চালান সিএনজিযোগে টেকনাফের দিকে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বমহলকে অবহিত করে অভিযানে নামে র্যাব। বিকেল ৫:৪৫ ঘটিকায় টেকনাফ থানাধীন সদর ইউপির ৯ নং ওয়ার্ডের বরইতলীস্থ সিপিসি-১ র্যাব ক্যাম্পের সামনের পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। এরপর ৫:৫৫ ঘটিকার সময় জাদিমুরার দিক থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে সিগন্যাল দিয়ে থামানো হয় এবং গাড়িটি তল্লাশি করে চালক মোঃ মোবারককে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। সীমান্তবর্তী কক্সবাজার অঞ্চলে সক্রিয় মাদক সিন্ডিকেট নির্মূলে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ ইয়াবা সমাজে ছড়িয়ে পড়ার আগেই জব্দ করা সম্ভব হয়েছে এবং মাদক চোরাচালানের মূল হোতাদের আইনের আওতায় আনতে র্যাবের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক: আবদুল মাজেদ, সম্পাদক: শ.ম.গফুর, নির্বাহী সম্পাদক: হামিদুল হক, বার্তা: সম্পাদক: আজিজুল হক রানা, ব্যবস্থাপনা পরিচালক: এম.রহমান সীমান্ত, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +880 1862-779582
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত