মোঃ জয়নাল আবেদীন (টুক্কু):: উজানের ঢলের পানিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের জারুলিয়াছড়ি বেইলি ব্রিজের গাইডলাইনের মাটি সরে গিয়ে ব্রিজটি ধসে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ অবস্থায় জননিরাপত্তার স্বার্থে প্রশাসন ব্রিজটির ওপর দিয়ে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।
শনিবার (১১ জুলাই) উপজেলা প্রশাসন এ সিদ্ধান্তের কথা জানায়। ব্রিজটি বন্ধ হয়ে যাওয়ায় নাইক্ষ্যংছড়ি সদর, দোছড়ি ইউনিয়ন এবং কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নসহ প্রায় ৫ লাখ মানুষের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। পাশাপাশি পণ্য পরিবহন ও জরুরি সেবাও ব্যাহত হচ্ছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আঞ্চলিক সড়ক। ব্রিজটি বন্ধ হয়ে যাওয়ায় কয়েকটি ইউনিয়নের লাখো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত ব্রিজটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানান তিনি।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এনামুল হাসান বলেন, ব্রিজটি দ্রুত মেরামতের জন্য সড়ক বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রয়োজন ছাড়া কেউ যেন ঝুঁকি নিয়ে ওই পথে চলাচল না করেন, সে বিষয়ে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
বান্দরবান সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, পরিস্থিতি বিবেচনায় জরুরি ভিত্তিতে ব্রিজটির মেরামত কাজ শুরু করা হবে। কাজ সম্পন্ন হওয়ার পর পুনরায় যান চলাচলের জন্য ব্রিজটি খুলে দেওয়া হবে।
এদিকে যোগাযোগ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করতে ঘটনাস্থলে বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এবং বিদ্যুৎ বিভাগের সদস্যরা যৌথভাবে কাজ করছেন। তারা ব্রিজের আশপাশের নিরাপত্তা নিশ্চিত করা, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন।
এদিকে বেইলি ব্রিজটির এ কাহিল দশার খবর শুনে ছুটে যান ১১ বিজিবি অধিনায়ক লে :কর্ণেল মো: ফয়জুল কবির। তিনি তৎক্ষনাৎ বিজিবি সদস্যদের মাধ্যমে ব্রিজটির বড় ধরণের ক্ষতি থেকে রক্ষায় মাটির বস্তা দিয়ে পানির গতি সরান। এবং ভাঙ্গন থেকে রক্ষা পেতে কাজ করেন।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুল আবছার সোহেল সোহেল বলেন, ব্রিজটি বন্ধ থাকায় নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে চলাচলকারী যাত্রী ও পণ্যবাহী যানবাহনকে সাময়িক হলেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
প্রকাশক: আবদুল মাজেদ, সম্পাদক: শ.ম.গফুর, নির্বাহী সম্পাদক: হামিদুল হক, বার্তা: সম্পাদক: আজিজুল হক রানা, ব্যবস্থাপনা পরিচালক: এম.রহমান সীমান্ত, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +880 1862-779582
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত