গাজী মোহাম্মদ আবু তাহের| নিজস্ব প্রতিবেদক, মহেশখালী কক্সবাজার:: দেশের লবণ শিল্পকে টেকসই ও লাভজনক খাতে পরিণত করতে এবং প্রান্তিক লবণচাষিদের ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সচিবালয়ে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ে এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকাল ১০টায় অনুষ্ঠিত এ বৈঠকে দেশের লবণ শিল্পের বর্তমান পরিস্থিতি, উৎপাদন, বিপণন, মূল্য নির্ধারণ, আমদানি নীতি এবং চাষিদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন
শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আবাদুল মোক্তাদির এমপি,কক্সবাজার-২,আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এমপি,শিল্প সচিব, বাণিজ্য সচিব, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা। এছাড়া মহেশখালীর লবণ উৎপাদন, ব্যবসা ও বিপণনের সঙ্গে সম্পৃক্ত ছয়জন প্রতিনিধি বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে দেশীয় লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা, উৎপাদন মৌসুমে বিদেশ থেকে লবণ আমদানি নিয়ন্ত্রণ, মাঠপর্যায়ে প্রান্তিক চাষিদের কাছ থেকে সরাসরি লবণ ক্রয়ের কার্যকর ব্যবস্থা, সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং উৎপাদকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় মহেশখালী ও কুতুবদিয়ার লবণচাষিদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যাও তুলে ধরা হয়। প্রতিনিধিরা বলেন, উৎপাদন ব্যয় বৃদ্ধি, বাজারে মধ্যস্বত্বভোগীদের প্রভাব এবং মৌসুমে আমদানিকৃত লবণের কারণে অনেক সময় স্থানীয় উৎপাদকরা কাঙ্ক্ষিত মূল্য থেকে বঞ্চিত হন। ফলে প্রান্তিক চাষিদের আর্থিক ক্ষতির পাশাপাশি লবণ উৎপাদনে আগ্রহও কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এমপি বৈঠকে মহেশখালী ও কুতুবদিয়ার লবণচাষিদের বিভিন্ন সমস্যা এবং তাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরেন। তিনি দেশীয় উৎপাদনকে অগ্রাধিকার দিয়ে চাষিদের স্বার্থ সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বলে বৈঠক সূত্রে জানা যায়। বৈঠকে অংশগ্রহণকারী সরকারি কর্মকর্তারা দেশের লবণ শিল্পের উন্নয়নে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে বাস্তবসম্মত ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। একই সঙ্গে দেশীয় উৎপাদন বৃদ্ধি, বাজার স্থিতিশীল রাখা এবং ভোক্তা ও উৎপাদক উভয়ের স্বার্থের মধ্যে ভারসাম্য রক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, বৈঠকে আলোচিত বিষয়গুলোর বাস্তবায়ন হলে মহেশখালী ও কুতুবদিয়াসহ দেশের লবণ উৎপাদনকারী অঞ্চলের হাজার হাজার প্রান্তিক চাষি উপকৃত হবেন। একই সঙ্গে দেশীয় লবণ শিল্প আরও শক্তিশালী হবে এবং জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান বাড়বে।
প্রকাশক: আবদুল মাজেদ, সম্পাদক: শ.ম.গফুর, নির্বাহী সম্পাদক: হামিদুল হক, বার্তা: সম্পাদক: আজিজুল হক রানা, ব্যবস্থাপনা পরিচালক: এম.রহমান সীমান্ত, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +880 1862-779582
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত