গাজী মোহাম্মদ আবু তাহের|স্টাফ রিপোর্টার, মহেশখালী (কক্সবাজার):: কক্সবাজারের মহেশখালীতে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিমের নাম, পদবি এবং হোয়াটসঅ্যাপ প্রোফাইল ছবি ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ ও অবৈধ সুবিধা দাবি করার একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। চক্রটি ০১৩৩৬৬৬৮৫১৭ সহ বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ইউএনওর ছবি ব্যবহার করে নিজেদের পরিচয় বিশ্বাসযোগ্য করার চেষ্টা করছে। এ ধরনের প্রতারণার ফাঁদ থেকে সতর্ক থাকতে মহেশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে বিশেষভাবে সচেতন করা হয়েছে।
সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবি দেখেই কারও পরিচয় নিশ্চিত হওয়ার সুযোগ নেই। সরকারি কর্মকর্তা বা প্রশাসনের প্রতিনিধি পরিচয়ে কেউ যদি ফোন বা মেসেজে টাকা, ব্যাংক হিসাবের তথ্য কিংবা মোবাইল ব্যাংকিং সুবিধা দাবি করে, তবে কোনো অবস্থাতেই যাচাই ছাড়া লেনদেন করা যাবে না। সন্দেহ হলে সরাসরি সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রতারণার এই ঘটনার রহস্য উন্মোচন এবং জড়িত চক্রটিকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ইতোমধ্যে মহেশখালী থানাকে বিস্তারিত অবহিত করা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।
প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে রক্ষা পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা সবচেয়ে বড় ভূমিকা পালন করে। অচেনা নম্বর থেকে সরকারি কর্মকর্তার পরিচয়ে ফোন এলে আতঙ্কিত না হয়ে সচেতন থাকা, যেকোনো আর্থিক দাবি এড়িয়ে চলা এবং প্রয়োজনে প্রতারকদের মোবাইল নম্বর, কথোপকথনের সময় কিংবা স্ক্রিনশট নিকটস্থ থানা বা আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে প্রশাসন।
প্রকাশক: আবদুল মাজেদ, সম্পাদক: শ.ম.গফুর, নির্বাহী সম্পাদক: হামিদুল হক, বার্তা: সম্পাদক: আজিজুল হক রানা, ব্যবস্থাপনা পরিচালক: এম.রহমান সীমান্ত, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +880 1862-779582
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত