মোঃ জয়নাল আবেদীন টুক্কু:: কক্সবাজারের রামু উপজেলার পূর্বাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও গণদাবি এবার বাস্তবায়নের পথে। রামুর পূর্বাঞ্চলের কয়েকটি ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত ‘বাঁকখালী উপজেলা’ গঠনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে এগিয়ে যাচ্ছে।
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজলের বিশেষ উদ্যোগ ও ডিও লেটারের প্রেক্ষিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উপজেলা গঠনের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরে রামুর পূর্বাঞ্চলের মানুষ প্রশাসনিক সেবা আরও সহজলভ্য করা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে পৃথক উপজেলা গঠনের দাবি জানিয়ে আসছেন। এ দাবির পক্ষে এ অঞ্চলের প্রবীণ ও নবীন সাংবাদিক এবং জনপ্রতিনিধিরাও বিভিন্ন সময়ে সোচ্চার হয়েছেন।
‘বাঁকখালী উপজেলা’ গঠিত হলে এ অঞ্চলের মানুষের প্রশাসনিক সেবা গ্রহণে দুর্ভোগ কমার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে বলে স্থানীয়রা আশাবাদী।
এ উদ্যোগকে রামুর পূর্বাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন কচ্ছপিয়া বিএনপির সভাপতি ছৈয়দ আলম, রামু উপজেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলামসহ গর্জনিয়া বিএনপির সভাপতি আব্দুল আলিমসহ ঈদগড়ের বিএনপি পরিবারের নেতাকর্মীরা। তারা সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
স্থানীয়দের প্রত্যাশা, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় যাচাই-বাছাই ও প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে ‘বাঁকখালী উপজেলা’ গঠনের উদ্যোগকে চূড়ান্ত বাস্তবতায় রূপ দেবে।
এলাকাবাসীর পক্ষ থেকে এবং কচ্ছপিয়া জামায়াতের নেতা ও চেয়ারম্যান প্রার্থী মোঃ তৈয়ব উল্লাহসহ অনেকে এ উদ্যোগের জন্য সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নিজ নিজ ফেসবুক পোস্ট দিয়েছেন। একই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এসব এলাকার সচেতন মহলসহ সর্বস্তরের মানুষ।
উল্লেখ্য, ‘বাঁকখালী উপজেলা’ গঠনের দাবি নিয়ে সর্বপ্রথম গর্জনিয়া উচ্চ বিদ্যালয় মাঠ এবং কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় জননেতা আলহাজ্ব লুৎফুর রহমান কাজল তাঁর বক্তব্যে এলাকাবাসীকে আশ্বস্ত করেন।
তাঁর এ উদ্যোগকে বাস্তবে রূপ দিতে কচ্ছপিয়া-গর্জনিয়ার সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, জয়নাল আবেদীন টুক্কু সহ বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীও উদ্যোগ গ্রহণ করেন।
অবশেষে দীর্ঘদিনের প্রত্যাশিত ‘বাঁকখালী উপজেলা’ গঠনের উদ্যোগে আশার আলো দেখতে শুরু করেছেন রামুর পূর্বাঞ্চলের মানুষ। এখন প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে এ উদ্যোগ বাস্তবে রূপ নেওয়ার অপেক্ষায় রয়েছেন তারা।
প্রকাশক: আবদুল মাজেদ, সম্পাদক: শ.ম.গফুর, নির্বাহী সম্পাদক: হামিদুল হক, বার্তা: সম্পাদক: আজিজুল হক রানা, ব্যবস্থাপনা পরিচালক: এম.রহমান সীমান্ত, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +880 1862-779582
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত