গাজী মোহাম্মদ আবু তাহের, নিজস্ব প্রতিবেদক, মহেশখালী (কক্সবাজার):: দ্বীপাঞ্চল মহেশখালী ও কুতুবদিয়ার গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে আরও গতিশীল করার প্রত্যাশা জোরালো হয়েছে। এলাকার যোগাযোগব্যবস্থা সহজ করা এবং প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের সুফল পৌঁছে দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
গত সোমবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খানের অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে এমপি আলমগীর ফরিদ তাঁর নির্বাচনী এলাকা মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার সার্বিক উন্নয়ন চিত্র, বিশেষ করে গ্রামীণ অবকাঠামোর প্রয়োজনীয়তা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন।
ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এই দুই দ্বীপাঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত জরুরি। তবে প্রত্যন্ত ইউনিয়ন ও গ্রামীণ জনপদে টেকসই রাস্তা, সেতু ও কালভার্ট নির্মাণ এখনো স্থানীয় জনগণের অন্যতম প্রধান দাবি। এসব বাস্তবতার আলোকে বৈঠকে গ্রামীণ সড়ক সংস্কার, নতুন রাস্তা ও ব্রিজ-কালভার্ট নির্মাণ এবং যোগাযোগ অবকাঠামো শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
দ্বীপাঞ্চলে বর্ষা, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে বিশেষ স্থায়িত্বের প্রয়োজন হয়। তাই নতুন প্রকল্প গ্রহণের পাশাপাশি বিদ্যমান অবকাঠামোর টেকসই রক্ষাণাবেক্ষণের ওপরও জোর দেওয়া হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে মূল উপজেলার সঙ্গে প্রত্যন্ত অঞ্চলের সংযোগ আরও কার্যকর হবে, যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
সাক্ষাৎ শেষে এমপি আলমগীর ফরিদ আশা প্রকাশ করে বলেন, মহেশখালী ও কুতুবদিয়ার মানুষের জীবনমান উন্নয়নে অবকাঠামো খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। প্রয়োজনীয় উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে এবং অচিরেই নতুন রূপে সাজবে দ্বীপ কুতুবদিয়া ও মহেশখালী। এখন স্থানীয়দের মূল প্রত্যাশা—আলোচনায় উঠে আসা প্রকল্পগুলোর দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে মাঠপর্যায়ে মানসম্মত বাস্তবায়ন নিশ্চিত করা।
প্রকাশক: আবদুল মাজেদ, সম্পাদক: শ.ম.গফুর, নির্বাহী সম্পাদক: হামিদুল হক, বার্তা: সম্পাদক: আজিজুল হক রানা, ব্যবস্থাপনা পরিচালক: এম.রহমান সীমান্ত, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +880 1862-779582
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত