নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়ায় রাজাপালং আবুল কাশেম নুর জাহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মছুদ মোহাম্মদ আরবিত নিখোঁজ হওয়ার আড়াই মাসেরও বেশি সময় পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। সন্তানকে ফিরে পাওয়ার আকুল আকুতি জানিয়ে এবং ঘটনার সঠিক তদন্তের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার।
কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের জাফরপল্লান পাড়ার বাসিন্দা আফাজ উদ্দিনের ছেলে মছুদ মোহাম্মদ আরবিত গত ১৫ জুন দুপুরে কোটবাজার এলাকা থেকে নিখোঁজ হয়। অভিযোগ রয়েছে, প্রলোভন দেখিয়ে তাকে একটি সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগীর মা কাজল আকতার বাদী হয়ে উখিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ ইব্রাহিম আত্মগোপনে থাকলেও ২ নম্বর আসামি সেলিম উদ্দিন বর্তমানে কারাগারে রয়েছেন।
পরিবারের অভিযোগ, ১ নম্বর আসামি মোহাম্মদ ইব্রাহিম নিখোঁজ হওয়ার আগে আরবিতকে আইফোন ও টাকাপয়সাসহ নানা উপহার দিয়ে নিজের বাড়িতে নিয়ে যেত এবং হিজড়া দলে ভেড়ানোর চেষ্টা করত। সমকামী হিসেবে পরিচিত ওই আসামির বিষয়ে পূর্বে স্থানীয়ভাবে শালিস-বিচারও হয়েছিল। স্বজনদের আশঙ্কা, কোনো আন্তর্জাতিক বা আন্তঃসীমান্ত মানবপাচার এবং সংঘবদ্ধ অপরাধচক্রের মাধ্যমে কিশোরটিকে পাচার করা হয়ে থাকতে পারে।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিখোঁজ ছাত্রের উদ্ধার ও প্রধান আসামিকে গ্রেপ্তার না করায় তদন্ত কর্মকর্তার কার্যক্রম নিয়ে চরম হতাশা প্রকাশ করেছে পরিবার। সন্দেহভাজনদের মোবাইল কল ডিটেইল রেকর্ড (সিডিআর), সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রযুক্তিগত সহায়তায় দ্রুত তদন্ত জোরদার করার দাবি জানিয়েছেন তারা। আদরের সন্তানকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত পিতামাতার এখন একটাই আকুতি—যেকোনো মূল্যে তাদের সন্তানকে যেন জীবিত ও নিরাপদ অবস্থায় ফিরিয়ে আনা হয়। তবে মামলায় আনীত অভিযোগসমূহ বর্তমানে তদন্তাধীন রয়েছে।
প্রকাশক: আবদুল মাজেদ, সম্পাদক: শ.ম.গফুর, নির্বাহী সম্পাদক: হামিদুল হক, বার্তা: সম্পাদক: আজিজুল হক রানা, ব্যবস্থাপনা পরিচালক: এম.রহমান সীমান্ত, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +880 1862-779582
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত