গাজী মোহাম্মদ আবু তাহের| নিজস্ব প্রতিবেদক, মহেশখালী (কক্সবাজার):: কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ছয় দিন পর ইব্রাহিম খাঁন (২৩) নামে এক পর্যটকের মরদেহ মহেশখালীর সোনাদিয়া দ্বীপ থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে এসআই কাজলের নেতৃত্বে মহেশখালী থানা পুলিশের একটি দল সোনাদিয়া দ্বীপ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, গত ২২ আগস্ট কক্সবাজারে বেড়াতে এসে সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামেন দুই ভাই ইয়াসিন ও ইব্রাহিম খান। একপর্যায়ে চোরাবালি ও সাগরের স্রোতে তারা নিখোঁজ হন। পরে ইয়াসিনের মরদেহ কক্সবাজার সদর থানা পুলিশ উদ্ধার করলেও নিখোঁজ ছিলেন ইব্রাহিম।
মহেশখালী থানার(ওসি) মো.আব্দুস সোলতান বিষয়টি নিশ্চিত করে বলেন, “সোনাদিয়া দ্বীপ থেকে ইব্রাহিম নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।” নিহত ইব্রাহিমের পিতা বাহাদুর খান ও মাতা সাহারা খাতুন। তাদের বাড়ি ঢাকার মানিকদি, ক্যান্টনমেন্ট এলাকায়। আনন্দ ভ্রমণে এসে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক: আবদুল মাজেদ, সম্পাদক: শ.ম.গফুর, নির্বাহী সম্পাদক: হামিদুল হক, বার্তা: সম্পাদক: আজিজুল হক রানা, ব্যবস্থাপনা পরিচালক: এম.রহমান সীমান্ত, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +880 1862-779582
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত