➤প্রতীকি ছবি
গাজী মোহাম্মদ আবু তাহের, নিজস্ব প্রতিবেদক (মহেশখালী, কক্সবাজার):: কক্সবাজারের মহেশখালীতে বিয়ের মাত্র তিন মাসের মাথায় চাঁদ মনি (১৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। যৌতুকের দাবিতে তাকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে।
নিহত চাঁদ মনি মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা গ্রামের ওসমান ও রহিমা দম্পতির মেয়ে। পারিবারিক সূত্র জানায়, মহেশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোরকঘাটা চরপাড়া এলাকার মৃত হামিদের ছেলে শাহিন আলমের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে তারা পালিয়ে বিয়ে করেছিলেন। পরিবারের দাবি, বিয়ের পর থেকেই যৌতুকসহ নানা পারিবারিক বিষয়ে চাঁদ মনির ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো। স্বজনদের অভিযোগ, এটি কোনো স্বাভাবিক মৃত্যু বা আত্মহত্যা নয়; তাকে পরিকল্পিতভাবে গলা টিপে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি জানিয়েছেন।
খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সোলতান জানান, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিয়ের অল্প সময়ের মধ্যেই এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নানা গুঞ্জন ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। ঘটনার মূল রহস্য উদঘাটনে সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্তের প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ময়নাতদন্তের রিপোর্ট এলেই এটি হত্যা নাকি আত্মহত্যা—তা স্পষ্ট হবে।
প্রকাশক: আবদুল মাজেদ, সম্পাদক: শ.ম.গফুর, নির্বাহী সম্পাদক: হামিদুল হক, বার্তা: সম্পাদক: আজিজুল হক রানা, ব্যবস্থাপনা পরিচালক: এম.রহমান সীমান্ত, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +880 1862-779582
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত