গাজী মোহাম্মদ আবু তাহের, নিজস্ব প্রতিবেদক, মহেশখালী (কক্সবাজার):: কক্সবাজারের মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, মাদক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এস. এম. সালাউদ্দিনকে চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন মামলায় মোট ৯টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের পুলিশ সুপারের নির্দেশনায় এবং মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সুলতানের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। পিএসআই মোহাম্মদ ইকবাল হায়দারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, সালাউদ্দিনের বিরুদ্ধে অস্ত্র আইনে দুটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি এবং অন্যান্য মামলায় তিনটিসহ মোট নয়টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদকসংক্রান্ত অভিযোগের পাশাপাশি হত্যাচেষ্টা মামলাও রয়েছে। এ ছাড়া তিন লাখ পিস ইয়াবা উদ্ধারের একটি মামলার সঙ্গেও তাঁর নাম উল্লেখ রয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তার সালাউদ্দিন মহেশখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গোরকঘাটা এলাকার সিকদারপাড়ার বাসিন্দা। তাঁর পিতার নাম মৌলভী জকরিয়া।
মহেশখালী থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে তাঁকে আদালতে সোপর্দ, রিমান্ড কিংবা মামলাগুলোর পরবর্তী অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রকাশক: আবদুল মাজেদ, সম্পাদক: শ.ম.গফুর, নির্বাহী সম্পাদক: হামিদুল হক, বার্তা: সম্পাদক: আজিজুল হক রানা, ব্যবস্থাপনা পরিচালক: এম.রহমান সীমান্ত, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +880 1862-779582
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত