
এম. এ. রহমান, সীমান্ত:: কক্সবাজারের টেকনাফে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৫) অভিযানে ১ লাখ পিস ইয়াবাসহ এক সিএনজি চালককে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় ইয়াবা বহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) বিকেল ৪টা ১০ মিনিটে সিপিসি-১ ক্যাম্পের একটি আভিযানিক দল হোয়াইক্যং-টেকনাফ সড়কের শাপলা চত্বর বাজার সংলগ্ন হ্নীলা ইউনিয়নের উলুচামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর একটি চেকপোস্ট স্থাপন করে। তল্লাশিকালে উলুচামারী দিক থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় সিএনজি চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আভিযানিক দল স্থানীয় সাক্ষীদের সহযোগিতায় তাকে আটক করে।
পরে আটক ব্যক্তির দেহ ও সিএনজি তল্লাশি চালিয়ে যাত্রী বসার সিটের পেছনে বিশেষ কৌশলে লুকানো একটি বস্তা থেকে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম সোলতান আহমদ (৩৮)। তিনি টেকনাফের পূর্ব রংগীখালী (লামাপাড়া) এলাকার মৃত আবুল কলামের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে। সীমান্তবর্তী কক্সবাজার অঞ্চলে সক্রিয় মাদক সিন্ডিকেট নির্মূলে র্যাবের গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট আলামতসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।