
গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: ‘পরিচ্ছন্ন হাত, নিরাপদ জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের মহেশখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার ব্যবহারিক প্রদর্শনীর আয়োজন করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) মহেশখালী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মুহাম্মদ ডালিম। অনুষ্ঠান পরিচালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সুদর্শন কান্তি দে।
কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, স্থানীয় অংশীজন ও শিক্ষার্থীরা অংশ নেন। মহেশখালী উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে এ আয়োজন করে।
আলোচনা সভায় ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, সংক্রামক রোগের ঝুঁকি কমানো এবং শিশুদের ছোটবেলা থেকেই স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস ডায়রিয়া, শ্বাসতন্ত্রের সংক্রমণসহ বিভিন্ন জীবাণুবাহিত রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ করে খাবার তৈরি ও খাওয়ার আগে, শৌচাগার ব্যবহারের পর, শিশুকে খাওয়ানোর আগে এবং ময়লা বা দূষিত বস্তু স্পর্শ করার পর ভালোভাবে হাত ধোয়া প্রয়োজন। নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে সাবান ও নিরাপদ পানির সহজলভ্যতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
এবারের বিশ্ব হাত ধোয়া দিবসের ব্যানারে ‘Be a Hand Washing Hero’ অর্থাৎ ‘হাত ধোয়ার নায়ক হও’ স্লোগান তুলে ধরা হয়। এর মাধ্যমে নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার বার্তা দেওয়া হয়। কর্মসূচিতে শিশুদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। পরে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে হাত ধোয়ার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় শুধু সচেতনতামূলক কর্মসূচি নয়, বরং শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও জনসাধারণের ব্যবহৃত স্থানে সাবান ও নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে মহেশখালীর মতো দ্বীপ ও উপকূলীয় জনপদে নিরাপদ পানি এবং স্বাস্থ্যসম্মত পরিচ্ছন্নতার সুবিধা সম্প্রসারণে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য একটি দিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, নিরাপদ পানি ব্যবহার এবং পরিচ্ছন্নতার অভ্যাস পরিবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যন্ত ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।