
গাজী মোহাম্মদ আবু তাহের|মহেশখালী,(কক্সবাজার):: মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের বুজুরোক বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চোলাই মদসহ সেলিম মিয়া (পিতা: সোনা মিয়া) নামের এক ব্যক্তিকে আটক করেছে প্রশাসন। এ সময় নেশাগ্রস্ত অবস্থায় আটক ব্যক্তি নিয়মিত ইয়াবা সেবনের কথা স্বীকার করেন। পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়াত আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় পর্যায়ে মাদকের বিস্তার রোধে প্রশাসনের কঠোর অবস্থানের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে অভিযানে আটক ব্যক্তির নিয়মিত ইয়াবা সেবনের স্বীকারোক্তিতে স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সচেতন মহলের মতে, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির ক্ষতি করে না, বরং পরিবার ও সামাজিক পরিবেশের ওপরও এর মারাত্মক প্রভাব পড়ে। স্থানীয় নাগরিকরা মাদকের উৎস ও সরবরাহকারীদের চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কুতুবজোমসহ মহেশখালীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করার দাবি জানিয়েছেন।
মহেশখালীতে মাদকের অবৈধ ব্যবহার নিয়ন্ত্রণে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করছেন। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও অভিভাবকসহ সর্বস্তরের সামাজিক সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন সচেতন নাগরিকরা।