
মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:: বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫৫টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস)।
মঙ্গলবার (৩ নভেম্বর) হংকং সরকারের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের সহযোগিতায় বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা হেডম্যান পাড়া এবং কুহালং ইউনিয়নের কুহালং হেডম্যান পাড়ায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫৫টি পরিবারের সদস্যদের হাতে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ তুলে দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লুসাই মং।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, গ্রাউসের চেয়ারপার্সন মংথুই চিং মারমা, প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমাসহ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাম উন্নয়ন সংগঠনের (গ্রাউস) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘব এবং জরুরি খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষার চাহিদা পূরণে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।