
মোঃ জয়নাল আবেদীন টুক্কু: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ‘অ্যাকসেস টু এডুকেশন অ্যান্ড লাইফ-সেভিং সার্ভিস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চট্টগ্রাম হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ সভাকক্ষে তহজিংডং ও হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আরিফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান। সভায় স্বাগত বক্তব্য দেন প্রকল্পের কো-অর্ডিনেটর জাফরুল্লাহ শামসুল। উপজেলা কো-অর্ডিনেটর ঝান্টু লাল পালের উপস্থাপনায় পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিল্ড কো-অর্ডিনেটর রুবিনা আক্তার।
সভায় বক্তারা পাহাড়ি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও জীবনরক্ষাকারী প্রয়োজনীয় সেবায় প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রকল্পের মূল লক্ষ্য, উদ্দেশ্য, গৃহীত বিভিন্ন কার্যক্রম এবং তা বাস্তবায়নের বিস্তারিত প্রক্রিয়া অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এনামুল হাসান প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের শতভাগ শিক্ষা নিশ্চিতকরণ, অপুষ্টিতে ভোগা শিশুদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান, খাদ্যনিরাপত্তা এবং সামগ্রিক জীবনমানের উন্নয়নের ওপর জোর দেন। একই সাথে পিছিয়ে পড়া এসব জনগোষ্ঠীর জীবনমান বৃদ্ধিতে সরকারি-বেসরকারি সকল পক্ষকে একসাথে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
উক্ত অবহিতকরণ সভায় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার প্রতিনিধিবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।