
মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি:: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ সরকার, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ও গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস)-এর অংশীদারিত্বে প্রকল্প অবহিতকরণ এবং কমিউনিটি-ভিত্তিক অংশগ্রহণমূলক পরিকল্পনা বাছাই ও অনুমোদন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয় জোরদার ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের নানা দিক তুলে ধরা হয়।
সভায় জানানো হয়, প্রকল্পের আওতায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ১১৭টি পাড়ায় বহুমুখী উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। দরিদ্র মানুষের জীবিকা সংস্কার ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ইতোমধ্যেই ৬১২ জনকে সরাসরি সহায়তা প্রদান করা হয়েছে। একই সাথে ৩ থেকে ৬ বছর বয়সী শিশুদের পুষ্টি ও খাদ্য নিরাপত্তার আওতায় আনা হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য অব্যাহত রয়েছে বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এনামুল হাসান। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপজেলা প্রকল্প ম্যানেজার শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রজেক্ট ম্যানেজার জেমস বম।
সভায় বিশেষ ও অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, মৎস্য কর্মকর্তা তানবীর হাসান মজুমদার, সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাইল আহাম্মদ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, গ্রাউস বান্দরবানের প্রজেক্ট ম্যানেজার লাল থুই বম এবং বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধি মাসুম। এছাড়া দোছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইমরান, সদর ইউপির প্রশাসক মাহবুব এলাহী, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন টুক্কুসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্যোগ মোকাবিলা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিশ্ব খাদ্য কর্মসূচি ও বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরে যৌথভাবে কাজ করে আসছে। মাঠপর্যায়ে এসব উদ্যোগের সফল বাস্তবায়নে গ্রাউসের কারিগরি সহযোগিতা স্থানীয় উন্নয়নকে আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।