
এসআই রাজু আহমেদ গাজীর নেতৃত্বে অভিযান, একাধিক মামলার তথ্য জানাল পুলিশ
গাজী মোহাম্মদ আবু তাহের| নিজস্ব প্রতিবেদক, মহেশখালী (কক্সবাজার):: কক্সবাজারের মহেশখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার (৯ নভেম্বর) রাতে পরিচালিত বিশেষ অভিযানে কালারমারছড়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দু সালামসহ চারজনকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সোলতানের দিকনির্দেশনায় কালারমারছড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রাজু আহমেদ গাজীর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। সোমবার রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ইউপি সদস্য আব্দু সালামের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য রয়েছে। এর মধ্যে জিআর মামলা নম্বর ০৬/২০০১, জিআর মামলা নম্বর ০৬/২০২৫, বার্ষিক ৫৯ এবং মামলা নম্বর ০৪/২০২৫ উল্লেখ করেছে পুলিশ।
জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী একজন ইউপি সদস্য গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি হয়েছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সোলতান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, অপরাধ দমন ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।