
নিজস্ব প্রতিবেদক:: উখিয়ার পালংখালীতে ‘Teachers’ Network’-এর উদ্যোগে আয়োজিত ‘English Olympiad-2026’-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে নবনির্মিত তুমব্রু উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী। প্রতিযোগিতায় দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে একজন সিলভার অলিম্পিয়ান এবং অন্যজন ব্রোঞ্জ অলিম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছেন তারা।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত আটটার দিকে প্রকাশিত ফলাফল অনুযায়ী, তুমব্রু উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী চামিয়া কবির মারওয়া ‘সিলভার অলিম্পিয়ান’ (Silver Olympian) এবং নুরিয়ান হাসান ‘ব্রোঞ্জ অলিম্পিয়ান’ (Bronze Olympian) অর্জন করেন।
বিশেষ সূত্রে জানা যায়, এই দুই মেধাবী শিক্ষার্থী কেবল তুমব্রু উচ্চ বিদ্যালয়েরই নন, তারা উখিয়ার কুতুপালংয়ের ‘English Dynamic Center’-এরও নিয়মিত শিক্ষার্থী। বিদ্যালয় ও ইংরেজি শিক্ষাকেন্দ্র—উভয় প্রতিষ্ঠানের হয়ে তাদের এই যৌথ সাফল্য সংশ্লিষ্ট সকলের জন্যই এক আনন্দের ও গর্বের বিষয়। প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকার নবপ্রতিষ্ঠিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এমন অর্জন নিঃসন্দেহে অত্যন্ত আশাব্যঞ্জক। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার এই স্বীকৃতি প্রমাণ করে যে, সঠিক দিকনির্দেশনা ও অধ্যবসায় থাকলে প্রত্যন্ত জনপদের শিক্ষার্থীরাও বড় পরিসরে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারে।
দুই শিক্ষার্থীর এমন গৌরবের সাফল্যে তুমব্রু উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটি এবং সকল অভিভাবকের মাঝে বইছে আনন্দের আবহ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই অর্জন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও ইংরেজি ভাষা চর্চা, জ্ঞানার্জন এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে গভীরভাবে উৎসাহিত করবে।
শিক্ষার্থীদের এই সাফল্যে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তুমব্রু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন (Nasir Uddin) এবং English Dynamic Center-এর পরিচালক হুমায়ুন কায়সার মামুন (Humyun Kaiser Mamun)। এছাড়া তাঁরা প্রতিযোগিতায় কৃতকার্য হওয়া সকল শিক্ষার্থীকেও অভিনন্দন জানান।