
মেধা অন্বেষণ ও শিক্ষার প্রসারে মৌলভী ছাঈদুল হক ফাউন্ডেশনের উদ্যোগ, পরীক্ষা হল পরিদর্শনে আতাউল্লাহ বুখারী
গাজী মোহাম্মদ আবু তাহের নিজস্ব প্রতিবেদক, মহেশখালী (কক্সবাজার):: শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া, প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং আগামী প্রজন্মকে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে মহেশখালীতে অনুষ্ঠিত হয়েছে ‘মৌলভী ছাঈদুল হক ফাউন্ডেশন শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬’।
শুক্রবার মহেশখালী মডেল হাইস্কুল কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ বুখারী। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। কেন্দ্রজুড়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মৌলভী ছাঈদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেধা বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষকতা করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি।
আয়োজকদের এ উদ্যোগকে মহেশখালীর শিক্ষাঙ্গনে মেধা অন্বেষণ, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের মেধা বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি আত্মবিশ্বাস, অধ্যবসায় ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে। বিশেষ করে দ্বীপ ও উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশে এ ধরনের আয়োজন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।
ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন মহেশখালীর শিক্ষার্থীদের উৎসাহিত করতে স্থানীয় পর্যায়ে এমন উদ্যোগের গুরুত্ব অপরিসীম। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ধারাবাহিক সহযোগিতা অব্যাহত থাকলে প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীরাও জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ পাবে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আতাউল্লাহ বুখারীর উপস্থিতি আয়োজনটিতে বাড়তি গুরুত্ব যোগ করে। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রসারে মৌলভী ছাঈদুল হক ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
শিক্ষাবিদদের মতে, একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মেধার যথাযথ মূল্যায়ন, সৃজনশীলতার চর্চা এবং ইতিবাচক প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি জরুরি। সে বিবেচনায় মহেশখালীতে আয়োজিত এ মেধা বৃত্তি পরীক্ষা শিক্ষা অঙ্গনে একটি প্রশংসনীয় উদ্যোগ।