
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত উখিয়ার মাছকারিয়া বিলে পাখি শিকারবিরোধী অভিযান পরিচালনা করে বনবিভাগ।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ৩ হাজার মিটার পাখি শিকারের জাল জব্দ করা হয়। এ সময় প্রায় ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক পাখি শিকারের ঘর ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে শিকারিদের ফাঁদে আটকে থাকা আটটি জীবিত বক উদ্ধার করা হয়। পরে পাখিগুলো উখিয়া রেঞ্জ অফিসে অবমুক্ত করা হয়েছে।
অভিযানে কক্সবাজার স্পেশাল টিম, রাজারকুল রেঞ্জ, পানেরছড়া রেঞ্জ, ইনানী রেঞ্জ ও উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তা এবং বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মীরা অংশ নেন।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, অতিথি পাখি সংরক্ষণ ও অবৈধ পাখি শিকার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বন্যপ্রাণী রক্ষা এবং পাখি শিকার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পাখি শিকার বন্ধে বনবিভাগের এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।