
মোঃ জয়নাল আবেদীন (টুক্কু), স্টাফ রিপোর্টার:: নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে বন্যার পানিতে নিহত নিরঞ্জন দাসের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ লুৎফর রহমান কাজল। একই সঙ্গে তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সোমবার (১৩ জুলাই) এমপি কাজল প্রথমে কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি এলাকার নিহত নিরঞ্জন দাসের বাড়িতে যান। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান। এ সময় তিনি ব্যক্তিগত উদ্যোগে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এবং সরকারি সহায়তা ও একটি ঘর নির্মাণের ব্যবস্থা করার আশ্বাস দেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, বিএনপি পরিবার সবসময় আপনাদের পাশে থাকবে।
পরে তিনি গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা ও ক্যাজরবিল এলাকার নদীভাঙনে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ, ক্ষয়ক্ষতি ও দীর্ঘদিনের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।
পরিদর্শন শেষে এমপি লুৎফর রহমান কাজল বলেন, “বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ আমি নিজ চোখে দেখেছি। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। নদীভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় স্থানে টেকসই বাঁধ নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। মানুষের জানমাল রক্ষায় যা যা প্রয়োজন, তা বাস্তবায়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাবু, গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলিম, কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ আলম, সাধারণ সম্পাদক মাইমুনুল হক মামুন, মো. মুহিবুল্লাহ, কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন টুক্কু, গর্জনিয়া বিএনপি নেতা জয়নাল আবেদীন, কচ্ছপিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আবু হান্নান, সাধারণ সম্পাদক শামশুল আলম শাহীন, সহ-সভাপতি আনোয়ার হোসেন শাহীন, গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি দিদারুল আলম, জয়নাল আবেদীন জনি, ছাত্রদল নেতা আজিজুল হক আজিজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা এমপি কাজলের মানবিক উদ্যোগ এবং নদীভাঙন কবলিত এলাকা সরেজমিন পরিদর্শনকে স্বাগত জানিয়ে দ্রুত স্থায়ী প্রতিরোধমূলক বাঁধ নির্মাণসহ কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।