
সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার):: ‘কৃষিই সমৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন মাঠ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারের ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আওতায় স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ, সার ও চারা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ঈদগাঁও উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রমানিক, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, বিএনপি নেতা মোজাম্মেল হক ও নুরুল আলম মেম্বার এবং উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল হোসেন। এ সময় কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিপুল সংখ্যক স্থানীয় কৃষক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষি সমৃদ্ধ হলে দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে।” তিনি উল্লেখ করেন, বিএনপি সবসময় কৃষকবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে এবং কৃষকের উৎপাদন ব্যয় কমিয়ে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পক্ষে কাজ করে যাচ্ছে। কৃষিকে আধুনিক, লাভজনক ও টেকসই খাতে রূপান্তরের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
লুৎফুর রহমান কাজল আরও বলেন, কৃষকদের হাতে সময়মতো উন্নতমানের বীজ, সার ও কৃষি উপকরণ পৌঁছে দেওয়া গেলে উৎপাদন যেমন বাড়বে, তেমনি দেশের খাদ্য নিরাপত্তাও আরও সুসংহত হবে। তিনি সরকারের এই কৃষি প্রণোদনা কর্মসূচি সফল ও সুষমভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে উপস্থিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ, রাসায়নিক সার ও চারা তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।