
হলাপ্রুসাই মারমা, খাগড়াছড়ি:: হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা জনগোষ্ঠীর একজন সদস্য বা ট্রাস্টি নিয়োগের দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর বাংলাদেশে বসবাসরত ত্রিপুরা জনগোষ্ঠীর পক্ষে এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশে তিন লাখের বেশি ত্রিপুরা জনগোষ্ঠীর বসবাস রয়েছে। তিন পার্বত্য জেলা ছাড়াও চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ফরিদপুরসহ বিভিন্ন জেলায় ত্রিপুরা জনগোষ্ঠীর বসবাস রয়েছে। তাদের বড় একটি অংশ সনাতন ধর্মাবলম্বী।
স্মারকলিপিতে দাবি করা হয়, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা জনগোষ্ঠীর কোনো প্রতিনিধি না থাকায় ধর্মীয় প্রতিষ্ঠান ও অবকাঠামো উন্নয়নে তাদের প্রতিনিধিত্বের ঘাটতি রয়েছে। একই সঙ্গে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টে চাকমা ও মারমা জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের বিষয়টি উল্লেখ করে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা জনগোষ্ঠীর একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।
এতে ত্রিপুরা অধ্যুষিত এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠান ও অবকাঠামো উন্নয়ন এবং ধর্মীয় মূল্যবোধ বিকাশে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে একজন ত্রিপুরা সদস্য বা ট্রাস্টি নিয়োগের অনুরোধ জানানো হয়।
স্মারকলিপিতে বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির আহ্বায়ক কুলনাথ বৈষ্ণব, লতিবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূমিধর রোয়াজা, জোরমরম মৌজার হেডম্যান লিটন রোয়াজা ও কার্বারী জগদানন্দ ত্রিপুরা স্বাক্ষর করেন।
স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং ত্রিপুরা যুব ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।