মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে বিয়ের ৩ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের জন্য হত্যার অভিযোগ সভাপতি পদে হেরে বিদ্যালয়ের বিরুদ্ধে ‘অপপ্রচার’, সরেজমিনে মিলল ভিন্ন চিত্র হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ধন্যবাদ পানছড়িতে বিদ্যালয়গুলোর পরিচ্ছন্নতায় জেলা পরিষদ সদস্য রুমেল মারমার উদ্যোগ হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে “জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপ অনুষ্ঠিত মহেশখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন বান্দরবানে ওয়াল্ড ভিশন ও গ্রাউস কতৃক ৫০টি পরিবারের মাঝে ১হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক বিতরণ

নাইক্ষ্যংছড়িতে ইউএনও’র সততার অনন্য দৃষ্টান্ত: খাল পুনঃখনন প্রকল্পে সাশ্রয় ১ কোটি ৩ লাখ টাকা

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান):: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে খাল পুনঃখনন প্রকল্পে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: এনামুল হাসানের চরম সততা ও সঠিক তদারকিতে বিপুল পরিমাণ সরকারি অর্থ সাশ্রয় হয়েছে। নির্ধারিত বরাদ্দ থেকে গুণগত মান বজায় রেখে কাজ শেষ করার পর উদ্বৃত্ত ১ কোটি ৩ লাখ ৮৩ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন।

​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন এবং সোনাইছড়ি ইউনিয়নের দুইটি খাল পুনঃখননের জন্য সরকার মোট ২ কোটি ২৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছিল। এর মধ্যে ১ কোটি ২০ লাখ ১৭ হাজার টাকা ব্যয়ে নির্ধারিত কাজ সফলভাবে সম্পন্ন হয় এবং অবশিষ্ট অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

​এই প্রকল্পের আওতায় সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি এলাকার ৪ দশমিক ৫০০ কিলোমিটার এবং নাইক্ষ্যংছড়ি সদরের ২ দশমিক ৫০০ কিলোমিটার খাল খনন করা হয়েছে। গত ৩ মে নাইক্ষ্যংছড়ি সদর এবং ১০ জুন সোনাইছড়ি ইউনিয়নে কাজ শুরু হয়ে সম্প্রতি তা শেষ হয়। খননকাজে নিয়োজিত শ্রমিকদের মজুরি, যন্ত্রপাতি ব্যবহার, পরিবহনসহ সব ধরনের আনুষঙ্গিক ব্যয় পরিশোধের পরও এই বিপুল পরিমাণ অর্থ অব্যয়িত থাকে।

​প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যরা জানান, পুরো প্রকল্প জুড়ে ইউএনও মো: এনামুল হাসান নিয়মিত সরজমিনে উপস্থিত থেকে কাজের মান তদারকি করেছেন এবং দিকনির্দেশনা দিয়েছেন। তাঁর সুদক্ষ পরিকল্পনা ও সঠিক তদারকির কারণেই নির্ধারিত মান বজায় রেখে এত কম ব্যয়ে কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।

​স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে খাল দুটি দখল ও ভরাট হয়ে থাকায় বর্ষায় জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচ সংকট লেগে থাকত। খাল দুটি দিয়ে এলাকার অন্তত ৩০টির বেশি বিলের পানি নিষ্কাশন হওয়ায় এখন আর ফসল হানির কোনো আশঙ্কা থাকছে না। ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক মাছের আবাসস্থলও পুনরুদ্ধার হবে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। সোনাইছড়ি এলাকার কৃষক মো: শাহজাহান এবং নাইক্ষ্যংছড়ি সদরের কৃষক ছুরুত আলম সন্তোষ প্রকাশ করে জানান, খাল খননের ফলে এখন থেকে আর বর্ষায় পানি জমে ফসল নষ্ট হবে না।

​এ বিষয়ে উপজেলা প্রকল্প কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, প্রকল্পে সরকারি তহবিলের কোনো অপচয় হতে দেওয়া হয়নি এবং কাজ শেষে অতিরিক্ত টাকা নিয়ম অনুযায়ী কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

​নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: এনামুল হাসান বলেন, সরকারি অর্থ জনগণের আমানত এবং সুশাসন প্রতিষ্ঠায় সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা প্রশাসনের মূল দায়িত্ব। প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখেই নির্ধারিত কাজ শেষ করে উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-চট্টলা বাংলা , আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট